সুনামগঞ্জে কলেজ ছাত্রীকে এসিড নিক্ষেপ, প্রতিবাদে মানববন্ধন

সুনামগঞ্জ সরকারি কলেজের জনৈক ছাত্রীকে জামালগঞ্জের বসতবাড়িতে ঘুমন্ত অবস্থায় এসিড নিক্ষেপের ঘটনায় অভিযুক্ত মোহন মিয়ার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কলেজের সাধারণ শিক্ষার্থীরা। এর আগে তারা কলেজ ক্যাম্পাসে মৌন মিছিল করে প্রতিবাদ জানায়।
 
রবিবার দুপুরে সুনামগঞ্জ সরকারি কলেজে ক্যাম্পাসে অনুষ্ঠিত মানববন্ধনে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষক-শিক্ষিকারা সংহতি প্রকাশ করে কর্মসূচিতে অংশগ্রহণ করেন। বক্তারা এ  ঘটনায় দোষী মোহন মিয়ার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
 
কর্মসূচিতে কলেজের শিক্ষার্থী আবু সালেহ, আসাদুজ্জামান পিয়ন, কলেজের অধ্যক্ষ মো. আব্দুস সাত্তার, সহযোগী অধ্যাপক আব্দুর রকিব, সহযোগী অধ্যাপক মো. জমসেদ মিয়া ও প্রভাষক মাসুম বিল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।
 
উল্লেখ্য, জেলার জামালগঞ্জ উপজেলায় প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় ওই কলেজ ছাত্রীকে এসিড নিক্ষেপ করে বখাটে মোহন মিয়া। এতে ওই ছাত্রীর মুখ ও হাত ঝলসে যায়। সে সুনামগঞ্জ সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। অভিযুক্ত মোহন মিয়া বর্তমানে জেল হাজতে রয়েছে।