স্পোর্টস রিপোর্টার
বিকেএসপিতে জয়ের ভেতর দিয়ে এবারের ঢাকা প্রিমিয়ার লিগে নিজেদের অভিযান শুরু করলো লিজেন্ডস অব রূপগঞ্জ। ব্রাদার্স ইউনিয়নকে প্রথম ম্যাচে ৩ উইকেটে হারিয়েছে শাহরিয়ার নাফীস, আসিফ আহমেদ রাতুলদের দল। আগে ব্যাট করা ব্রাদার্স ৮ উইকেটে করেছিল ২২০ রান। জবাবে এক বল বাকী থাকতে ৭ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় রূপগঞ্জ।
আগে ব্যাট করতে নেমে দলীয় মাত্র ২ রানেই প্রথম উইকেট হারায় ব্রাদার্স। এরপর জুনায়েদ সিদ্দিকী ও ফজলে রাব্বি দলকে ৪১ রানের একটা জুটি এনে দেন। তবে বলের তুলনায় অনেক পেছনে পড়ে ছিল এই জুটি। জুনায়েদ ৩০ বলে ১৫ রান করেন। ফজলে রাব্বি ৪৮ বলে ৩৪ রান করে ফেরেন। এরপর হামিদুল ১৬ রান করেন। তবে ইনিংসটা বড় করেন আসলে ইয়াসির আলী। তিনি ৬৯ বলে ৫টি চার ও ২টি ছক্কায় ৬৫ রানের ইনিংস খেলেন।
এরপর শেষ দিকে আবার শরীফুল্লাহ ৩৫ এবং শরীফ ২৪ ও হাবিবুর ২০ রান করে দলের স্কোরটা মোটামুটি করে তোলেন।
জবাব দিতে নেমে ভালো সুচনা পায় রূপগঞ্জ। আজমির ও মোহাম্মদ নাঈম ৬৭ রান তোলেন উদ্বোধনী জুটিতে। কিন্তু একই ওভারে ১ রানের ব্যবধানে ফিরে আসেন দুজন। এরপর শেষ পর্যন্ত প্রায় ইনিংসটা টেনে নিয়ে গেছেন শাহরিয়ার নাফীস।
নাফীসকে ভালো একটা সঙ্গ দেন আসিফ আহমেদ রাতুল। চতুর্থ উইকেটে এই দুজন ৫৩ রান যোগ করেন। রাতুল ৫৫ বলে ৫টি চারে সাজানো ৩৮ রানের ইনিংস খেলে ফেরেন। আর দলের ভারতীয় খেলোয়াড় রিশি ধাওয়ান করেন ২২ রান। শেষ বেলায় মুক্তার আলীর ৭ বলে ১১ রানও বড় ভূমিকা রেখেছে টানটান এই জয়ে।
শেষের আগের ওভারে শাহরিয়ার নাফীস আউট হন। ৯৮ বলে ২টি মাত্র চারে তিনি ৫৯ রান করে আউট হন নাফীস।
সংক্ষিপ্ত স্কোর
ব্রাদার্স ইউনিয়ন: ৫০ ওভারে ২২০/৮ (ইয়াসির ৬৫, শরিফুল্লাহ ৩৫, ফজলে রাব্বি ৩৪, শরীফ ২৪*, হাবিবুর ২০; মুক্তার ২/৩৮, নাবিল সামাদ ২/৪১)।
লিজেন্ডস অব রূপগঞ্জ: ৪৯.৫ ওভারে ২২১/৭ (শাহরিয়ার নাফীস ৫৯, আজমির ৩৮, আসিফ আহমেদ রাতুল ৩৮, ধাওয়ান ২২, মোহাম্মদ নাঈম ২১; চিরাগ ৩/৬৪, শরীফ ২/৩৫)।
ফল: লিজেন্ডস অব রূপগঞ্জ ৩ উইকেটে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: শাহরিয়ার নাফীস।