খুলনায় শিশু রাকিব হত্যা মামলায় সোমবার রাকিবের মা ও ছোট বোনসহ আটজনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।
জেলা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক দিলরুবা সুলতানা তাদের সাক্ষ্য গ্রহণ করেন।
এর আগে রবিবার আদালত দুটি পর্যায়ে দুই পুলিশ কর্মকর্তাসহ মোট সাতজনের সাক্ষ্য গ্রহণ করে। এ নিয়ে গত দুই দিনে এ মামলায় ১৫ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। মঙ্গলবার প্রত্যক্ষদর্শীসহ সাতজনের সাক্ষ্য গ্রহণ করা হবে।
উল্লেখ্য, নিজের গ্যারেজের কাজ ছেড়ে অন্যত্র কাজ নেয়ায় ক্ষিপ্ত হয়ে গত ৩ অগাস্ট সন্ধ্যায় শরীফ মোটর্স গ্যারেজের মালিক ওমর শরীফ ও তার সহযোগী মিন্টু দোকানের ভেতর নিয়ে শিশু রাকিবের পায়ুপথে মোটরসাইকেলের চাকায় হাওয়া দেয়ার মেশিন দিয়ে বাতাস ঢুকিয়ে দেয়। এতে রাকিব মারা যায়।
এ ঘটনায় রাকিবের বাবা আলম হাওলাদার তিনজনকে আসামি করে পরদিন মো. শরীফ ও সহযোগী মো. মিন্টু খান ও শরীফের মা বিউটি বেগমের নামে হত্যা মামলা করেন। রাকিবের মৃত্যুর খবর পেয়ে ওইদিন রাতে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে বিক্ষুব্ধ জনতা শরীফ ও মিন্টুকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ শরীফের মাকে গ্রেফতার করে। গ্রেফতার তিনজনই হত্যায় প্রত্যক্ষভাবে জড়িত বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।