‘দেশটাই চুরি করে নিয়েছেন’

  রাফাল নথি নিয়ে মোদীকে মমতার তোপ

নারী দিবসে রাজপথে নেমে গতকাল নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সংক্ষিপ্ত ভাষণে রাফাল থেকে পুলওয়ামা,  নোটবন্দি থেকে নীরব মোদী, সিবিআই, আরবিআইয়ের মতো প্রতিষ্ঠানগুলো ধ্বংস করার বিরুদ্ধে সরব ছিলেন তৃণমূল নেত্রী। আহ্বান জানালেন, মোদী সরকারকে সরিয়ে ‘ইউনাইটেড ইন্ডিয়ার’ সরকার গঠন করার। নারী ক্ষমতায়নে রাজ্য সরকার এবং তৃণমূল কীভাবে কাজ করছে, তার একটা ছবিও তুলে ধরার চেষ্টা করলেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী। উপলক্ষ নারী দিবস হলেও, লোকসভা ভোটের আগে তৃণমূল নেত্রী এক দফা জনসংযোগ করে নিলেন।

ভারতের সুপ্রিম কোর্টে জানিয়েছে, প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে রাফালের বহু নথি চুরি গিয়েছে। সেই প্রসঙ্গ টেনে মোদী সম্পর্কে মমতা বলেন, ‘তিনি তো দেশটাকেই চুরি করে নিয়েছেন। আপনি চলে গেলে দেশের মানুষ বুঝবেন, সব চুরি করে নিয়ে গিয়েছেন আপনি।’ খবর আনন্দবাজা পত্রিকার

পুলওয়ামা হামলার পর ভারতীয় বিমান বাহিনীর অভিযানে পাকিস্তানের বালাকোটে কতজন জঙ্গির মৃত্যু হয়েছে, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন মমতা। এদিন সেই প্রসঙ্গে না গিয়েও মমতা বলেন, ‘পাঁচ বছরে মনে ছিল না? কিভাবে উরি হামলা হলো, কিভাবে পুলওয়ামা হলো? আর এখন ভোটের সময় মিসাইল দেখাচ্ছেন। আপনার তো এক্সপায়ারি ডেট হয়ে গিয়েছে। এরপর জনগণের সরকার এসে কাশ্মিরে শান্তি ফেরাবে।’ মোদী-অমিত শাহ জুটির সরকারকে সরিয়ে কেন্দ্রে ‘ইউনাইটেড ইন্ডিয়ার’ সরকার গড়ার ডাক দেন মমতা। আর এই সরকারকেই জনগণের সরকারও বলেছেন তৃণমূল নেত্রী।

বিজেপি লোকসভা ভোটে বিপুল পরিমাণ টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা কববে এমন অভিযোগ আগেও শোনা গিয়েছে মমতার কণ্ঠে। এদিন ফের সেই প্রসঙ্গ টেনে মমতা বলেন, ‘কোটি কোটি টাকা দিয়ে বাইক কিনছে বিজেপি। এক সময় যারা খেতে পেতেন না, এখন কোটি টাকার মালিক। এতো টাকা কোথা থেকে আসছে?’

নারী দিবসে মমতা বলেন, ‘ভোট এলেই বিভিন্ন দলের পক্ষ থেকে দাবি তোলা হয়, মহিলাদের জন্য লোকসভায় ৩০ শতাংশ আসন সংরক্ষণ করা হোক। কিন্তু তৃণমূল কংগ্রেসের এমনিতেই লোকসভায় ৩৫ শতাংশ মহিলা সাংসদ রয়েছে। আগামী নির্বাচনেও সেই ধারা বজায় রেখে ৩৩ শতাংশেরও বেশি প্রার্থী দেওয়া হবে।’