পুঁজিবাজারে দীর্ঘদিন পর আগ্রহের কেন্দ্রে উঠে এসেছে ব্যাংকিং খাত। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্যাংকিং খাতের শেয়ারগুলো নিয়েই বেশি আগ্রহ দেখা গেছে। তাই সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এ খাত ঘিরে।
এদিন ১০৭ কোটি ৪৯ লাখ টাকা লেনদেন হয়েছে ব্যাংকিং খাতের শেয়ারগুলোতে। যা ডিএসইর মোট লেনদেনের প্রায় ২৬ শতাংশ। অথচ একদিন আগেও এ খাতে লেনদেন হয়েছে ৩৮ কোটি টাকা।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, সাধারণত বছরের শেষ দিকে ব্যাংকিং খাতের শেয়ারের দাম বাড়ে। তাছাড়া এখন অনেক ব্যাংকের শেয়ারের দাম তুলনামূলকভাবে নিচে রয়েছে। তাই বিনিয়োগকারীরা ব্যাংকিং খাতের শেয়ারগুলোতে বিনিয়োগে আগ্রহী হয়েছেন।
ব্যাংকের দুই প্রান্তিকের ইপিএস (শেয়ারপ্রতি আয়) এবং পিই (দাম- আয় অনুপাত) রেশিও বিবেচনা করে অনেকেই শেয়ার ক্রয় করেছেন। এতে এ খাতের বেশিরভাগ শেয়ারের দাম বেড়েছে।
আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩০টি ব্যাংকের মধ্যে মাত্র একটি ব্যাংকের শেয়ারদর কমেছে। এছাড়া অন্য সব শেয়ারের দাম গড়ে প্রায় আড়াই শতাংশ বেড়েছে।
ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায়ও উঠে এসেছে ব্যাংকিং খাতের দুই কোম্পানি ব্র্যাক ব্যাংক ও যমুনা ব্যাংক। দর বৃদ্ধির তালিকায় তৃতীয় স্থানে থাকা ব্র্যাক ব্যাংকের শেয়াদর বেড়েছে ৬ দশমিক ৩৬ শতাংশ। এদিন ব্যাংকটির লেনদেন হয়েছে ৩১ লাখ ২৭ হাজার ৫৭৯ টাকার শেয়ার। আর দর বৃদ্ধির তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে যমুনা ব্যাংক। এদিন ব্যাংকটির শেয়ার দর বেড়েছে ৫ দশমিক ২২ শতাংশ।