চবিতে ঝর্ণার পানিতে পড়ে দুই ছাত্রের মৃত্যু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাকৃতিক ঝর্ণার পানিতে পড়ে নাইমুল হোসেন পাভেল ও আসাদুজ্জামার রিফাত নামে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 
 
সোমবার বিকেল সাড়ে চারটায় ঝর্ণার পানি থেকে তাদের দুজনের লাশ উদ্ধার করা হয়। দুজনই বিশ্ববিদ্যালয়ের মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। 
 
তাদের সহপাঠী মিনহাজ জানান, সেমিস্টার পরীক্ষা শেষে বেলা আড়াইটার দিকে ছয় বন্ধু কলা অনুষদের পেছনের পাহাড়ি ঝর্ণায় ঘুরতে যায়। এ সময় তারা পানিতে নেমে গোসল করে। গোসল শেষে উঠে আসার সময় এক বন্ধু পা পিছলে ঝর্ণার পানিতে পড়ে যায়। এ সময় আরেক বন্ধু তাকে বাঁচাতে হাত বাড়িয়ে দিলে সে ও পানিতে পড়ে যায়। তারা কেউই সাতার জানতো না। পরে স্থানীয় লোকজন এবং প্রশাসনের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজ চালায়। 
 
বিকেল সোয়া পাঁচটার দিকে চট্টগ্রামে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে বিকেল সাড়ে পাঁচটার দিকে লাশ দুটি উদ্ধার করে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে গেলে কর্ত্যবরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরে তা ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়।