সালথায় দু’দল গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১০

ফরিদপুরের সালথা উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মঙ্গলবার দুই দল গ্রামবাসীর সংঘর্ষ হয়। এতে অন্তত ১০ জন আহত হয়। সকাল ৭টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের গোপালিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, গোপালিয়া গ্রামে জমিজমা নিয়ে আইয়ুব আলীর সঙ্গে হাফিজুর রহমানের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। সোমবার রাতে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। মঙ্গলবার সকালে আইয়ুব আলীর সমর্থক খোকন ও সেলিম মাঠে জমিতে কাজ করার সময় হাফিজুর রহমান ও তার লোকজন তাদের ধাওয়া করে। এরই সুত্র ধরে উভয় পক্ষ দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। এসময় অন্তত ১০ জন আহত হয়। তাদের নগরকান্দা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।