ব্রাক্ষণবাড়িয়া গণপিটুনিতে ডাকাত দলের দুই সদস্য নিহত হয়েছেন। জেলার কসবা উপজেলার কুটি ইউনিয়নের লেশিয়ারা গ্রামে সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে এই ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
কসবা থানার ওসি মো. মহিউদ্দিন আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, একদল ডাকাত ওই গ্রামের জমিরউদ্দিনের বাড়িতে ডাকাতি করতে যায়। বাড়ির লোকজনের চিৎকারে গ্রামবাসী জড়ো হয়ে ডাকাতদের ধাওয়া করে।পরে পালিয়ে যাওয়ার সময় দু’জন ডাকাত জনতার হাতে ধরা পড়েন। পিটুনিতে তাদের মৃত্যু হয়।
ওসি আরো জানান, সুরতহাল করার পর লাশ ব্রাহ্মবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হবে।