ব্রাসেলসে হামলা চালিয়ে চারজনকে হত্যার ঘটনায় ইসলামিক স্টেট বা আইএসের হয়ে সিরিয়ায় যুদ্ধে অংশ নেওয়া এক জিহাদিকে দোষী সাব্যস্ত করা হয়েছে। ফ্রান্সে জন্ম নেওয়া ৩৩ বছর বয়সী মেহদি নেমুশে নামে ওই ব্যক্তি এক বছর সিরিয়া থেকে ফিরে আসার পর ২০১৪ সালের মে মাসে ওই হামলা চালান।
বেলজিয়ামের ব্রাসেলসের ইহুদি যাদুঘরে তিনি কালাশনিকভ অ্যাসল্ট রাইফেল এবং বন্দুক থেকে এলোপাতাড়ি গুলি ছোঁড়েন। ঘটনাস্থলেই তিনজন নিহত এবং পরে হাসপাতালে আরও একজন মারা যায়। ওই হামলার পরিকল্পনায় সহায়তাকারী এবং অস্ত্র যোগানদাতা নাসের বেনদ্রারও হত্যাকাণ্ডের জন্য দোষী বলে প্রমাণিত হয়েছেন। তবে তাদের সাজা এখনো ঘোষণা করা হয়নি। দুই মাসব্যাপী এই বিচার কার্যক্রমে সিরিয়ায় আইএসের সাবেক বন্দিদের সাক্ষ্য এবং অন্য সাক্ষীদের বক্তব্য রেকর্ড করা হয়। যাদুঘরে ওই হামলায় নিহতদের মধ্যে দুজন ইসরাইলি পর্যটক, একজন স্বেচ্ছাসেবক কর্মী এবং অভ্যর্থনা কর্মী ছিলেন। খবর বিবিসি বাংলার
নেমুশের আইনজীবী সর্বাত্মক চেষ্টা চালান এটা প্রমাণের জন্য যে, নেমুশে এক ব্যাপক ষড়যন্ত্রের শিকার এবং বিদেশি গোয়েদা সংস্থা এই হত্যাকাণ্ডের জন্য দায়ী। কিন্তু এই দাবির সমর্থনে জোরালো তথ্য-প্রমাণ হাজির করতে পারেননি। বেলজিয়ামের প্রসিকিউটরদের মতে, নেমুশে ছিলেন প্রথম কোনো ইউরোপীয় জিহাদি যে সিরিয়া যুদ্ধক্ষেত্র থেকে সন্ত্রাসী হামলা চালানোর উদ্দেশ্য নিয়ে ইউরোপে ফিরে এসেছিল।
২০১৩ সালে নেমুশে সিরিয়ায় এবং এক বছর অবস্থান করে । সেই সময় সে দেশটির গৃহযুদ্ধে জিহাদিদের হয়ে লড়াই করে বলে ধারণা করা হয়। তদন্ত কর্মকর্তারা জানান, সেখানে অবস্থানকালে তার সাথে নাজিম লাচরাওইর-এর সাক্ষাত্ ঘটে। নাজিম ছিলেন ২০১৬ সালের মার্চে ব্রাসেলসে বিমানবন্দরে হামলা চালিয়ে ৩২ জনকে হত্যার ঘটনার একজন আত্মঘাতী বোমা হামলাকারী।