মোদীই পাকিস্তানের পোস্টার বয় রাহুল

 

বিরোধীদের প্রতি নরেন্দ্র মোদীর আক্রমণের জবাব দিলেন রাহুল গান্ধী। পুলওয়ামায় জঙ্গি হানা এবং বালাকোটের ঘটনার পরে জাতীয়তাবাদকে সঙ্গে নিয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী। বিরোধীরা সামান্য প্রশ্ন তুললেই তাদের গায়ে দেগে দিচ্ছেন ‘পাকিস্তানের পোস্টার বয়’ তকমা। রাহুল আজ পাল্টা বললেন, ‘নরেন্দ্র মোদীই পাকিস্তানের পোস্টার বয়’।

বিরোধী নেতাদের সঙ্গে কথা সেরে রেখেছিলেন রাহুল। দলের নেতাদেরও বলেছিলেন, পুলওয়ামার পর কংগ্রেস চুপ থেকেছে, কিন্তু প্রধানমন্ত্রী এক নিমেষের জন্য রাজনীতি ছাড়েননি। ফের পুরনো বিষয়গুলো ফিরিয়ে এনে মোদীকে কাঠগড়ায় দাঁড় করানোর সময় এসেছে। গতকাল সংবাদ সম্মেলনে তার মন্তব্য, যেভাবে ‘অচ্ছে দিন’, রোজগার, কৃষকদের ন্যায্য দাম, ব্যবসা গায়েব হয়েছে, সেভাবেই গায়েব হলো রাফাল ফাইল। সেই ফাইলই বলছে, নরেন্দ্র মোদী ‘বাইপাস সার্জারি’ করে অনিল অম্বানীকে ৩০ হাজার কোটি টাকা পাইয়ে দিতে সমঝোতা করেছেন। ফাইল চুরি গেলে সিএজি কী করে রিপোর্ট তৈরি করল? সুপ্রিম কোর্টেই বা কী দেখানো হলো?

রাহুল বলেন, ‘আমাদের দলের নানা লোক নানা মন্তব্য করছেন। আমি তার মধ্যে যাব না। কিন্তু নিহত জওয়ানদের পরিবারই বলছে, সরকার দেখাক আসলে কী হয়েছে।’ এরপরই মোদীর প্রতি তার কটাক্ষ, ‘আমরা তো নওয়াজ শরীফের পরিবারের বিয়েতে যাইনি। পঠানকোটে আইএসআই’কে আমন্ত্রণ জানাইনি। যিনি করেছেন, তিনিই পাকিস্তানের পোস্টার বয়।’ খবর আনন্দবাজার পত্রিকার।