ইংলিশ স্পিনারদের সঙ্গে কাজ করবেন ভেট্টরি

সম্ভাবনাময় ভবিষ্যত ইংলিশ স্পিনারদের সঙ্গে কাজ করবেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ও স্পিন তারকা ড্যানিয়েল ভেট্টরি। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) বিষয়টি নিশ্চিত করেছে।


ইসিবি ইতোমধ্যেই ঘোষণা দিয়েছে ২০ জনেরও বেশী ইংলিশ স্পিন বোলার এবারের শীতে দেশের বাইরে খেলবে ও অনুশীলনে অংশ নিবে। এক বিবৃতিতে ইসিবি বলেছে, এবারের শীত মৌসুমে সংযুক্ত আরব আমিরাতে মইন আলী, আদিল রশিদ ও সামিত পাতিলের উত্তরসুরী হিসেবে বেশ কয়েকজন তরুন স্পিনারকে নিয়ে একটি কোচিং প্রোগাম চালানোর সিদ্ধান্ত নিয়েছে ইসিবি। ইংল্যান্ড পারফরমেন্সে প্রোগ্রামে (ইপিপি) ইংলিশ কোচদের সাথে ভেট্টরিকেও যুক্ত করা হয়েছে। এন্ডি ফ্লাওয়োরের নেতৃত্বে আগামী নভেম্বরে দুবাইতে ১০দিনের এই অনুশীলন প্রোগ্রাম অনুষ্ঠিত হবে।

আন্তর্জাতিক ক্রিকেটে সাতশরও বেশী উইকেট শিকার করা ভেট্টরি ইতোমধ্যেই ভারত ও অস্ট্রেলিয়ায় টি টোয়েন্টি লিগে নিজের কোচিং ক্যারিয়ারের প্রমান দিয়েছেন।
উল্লেখ্য, দক্ষিণ এশিয়ার স্পিন সহায়ক উইকেটে সাধারণত ইংল্যান্ড কখনই খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করেনা। ২০১২ সালে আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজে পরাজিত হয়েছিল ইংল্যান্ড। যে সিরিজে ইংল্যান্ড মূলত পাকিস্তানের স্পিন আক্রমনের কাছে ধরাশায়ী হয়। ইপিপি স্পিন বোলিং কোচ পিটার সাচ ভেট্টরির সংযুক্তির বিষয়কে স্বাগত জানিয়ে বলেছেন, ড্যানিয়েল বিশ্ব ক্রিকেটে প্রায় দুই দশক ধরে অন্যতম সেরা একজন স্পিন বোলার ছিলেন। আশা করছি তার অভিজ্ঞতা ইপিপিতে দারুন কাজে দিবে। বাসস।