খুলনায় নির্যাতনে নিহত শিশু রাকিব হত্যা মামলায় তৃতীয় দিনে আরো ছয়জন আদালতে সাক্ষ্য দিয়েছেন। সাক্ষ্য প্রদানকারীরা হলেন, গ্যারেজ মালিক নূর আলম, সরোয়ার হোসেন, কামরুল মোল্লা, সুমন হাওলাদার ও প্রত্যক্ষদর্শী রাকিবের এক সহপাঠী শিশু।
মঙ্গলবার খুলনা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক অতিরিক্ত মহানগর দায়রা জজ দিলরুবা সুলতানা এ সাক্ষ্য গ্রহণ করেন। এ নিয়ে আদালত তিনদিনে ২১ জনের সাক্ষ্য গ্রহণ করলো। বুধবার আরো ১২ জনের সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) সুলতানা রহমান শিল্পী তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, নিজের গ্যারেজের কাজ ছেড়ে অন্যত্র কাজ নেয়ায় ক্ষিপ্ত হয়ে গত ৩ অগাস্ট সন্ধ্যায় শরীফ মোটর্স গ্যারেজের মালিক ওমর শরীফ ও তার সহযোগী মিন্টু দোকানের ভেতর নিয়ে শিশু রাকিবের পায়ুপথে মোটরসাইকেলের চাকায় হাওয়া দেয়ার মেশিন দিয়ে বাতাস ঢুকিয়ে দেয়। এতে রাকিব মারা যায়।
এ ঘটনায় রাকিবের বাবা আলম হাওলাদার তিনজনকে আসামি করে পরদিন মো. শরীফ ও সহযোগী মো. মিন্টু খান ও শরীফের মা বিউটি বেগমের নামে হত্যা মামলা করেন। রাকিবের মৃত্যুর খবর পেয়ে ওইদিন রাতে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে বিক্ষুব্ধ জনতা শরীফ ও মিন্টুকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ শরীফের মাকে গ্রেফতার করে। গ্রেফতার তিনজনই হত্যায় প্রত্যক্ষভাবে জড়িত বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।