চট্টগ্রামে ছেলের হাতে মা খুন

চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে ছেলের ছুরিকাঘাতে এক মায়ের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। মঙ্গলবার সিএমপির চান্দগাঁও থানার মোহরায় কামাল টাওয়ার নামে একটি ভবনে মানসিক বিকারগ্রস্থ ছেলে সিরাজুল হক সবুজ (২৩) তার মা রওশন আরাকে (৬০) ছুরিকাঘাত করে হত্যা করেছেন। ঘটনাস্থল থেকে রওশন আরার লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে নিয়ে যায় পুলিশ ।
 
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) তারেক আহমেদ বলেন, 'সবুজ দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হাওয়ায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত। চিকিৎসার টাকা না পেয়ে তিনি তার মাকে খুন করেছেন।' নিহতের মেঝো ছেলের বরাত দিয়ে তিনি বলেন, 'তিন ভাই-বোনের মধ্যে সবুজ সবার বড়। সকালে নোয়াখালীর গ্রামের বাড়ি থেকে চট্টগ্রামে এসে সবুজ মায়ের কাছে চিকিৎসার জন্য টাকা চান। টাকা নেই বলে তার মা তাকে জানান।'
 
বিকালে সবুজ আবার মায়ের কাছে টাকে চেয়ে না পাওয়ায় ক্ষিপ্ত হয়ে মাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান বলে জানান পুলিশ কর্মকর্তা তারেক।
 
তাকে ধরতে অভিযান চলছে বলে তিনি জানান।