হাতিরঝিলে ঢাকা ওমেন্স ম্যারাথনের চতুর্থ আসর অনুষ্ঠিত

নারীদের অংশগ্রহণে রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হলো ‘প্রাণ ম্যাঙ্গো ঢাকা ওমেন্স ম্যারাথন’র চতুর্থ আসর। আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে গতকাল এই মিনি ম্যারাথনে অংশ নেয় দেশ-বিদেশের ৪৬৭ পেশাদার ও অপেশাদার দৌড়বিদ। সকাল সাড়ে ৬টায় রাজধানীর হাতিরঝিলের এফডিসি মোড় থেকে শুরু হয়ে, পুরো হাতিরঝিল প্রদিক্ষণ শেষে আবার এফডিসি মোড় হয়ে গুলশান-১ সংলগ্ন কনকর্ড পুলিশ প্লাজা পয়েন্টে শেষ হয়।

নির্ধারিত ১ ঘণ্টা ৩০ মিনিটের মধ্যে পুরো ১০ কিলোমিটার দৌড় শেষ করেন দেশি-বিদেশি ১৩৬ দৌড়বিদ। ৪৭ মিনিট ৫৯ সেকেন্ড টাইমিংয়ে চ্যাম্পিয়ন হয়েছেন যুক্তরাজ্যের দৌড়বিদ জেন ক্রাউডা, প্রথম রানারআপ দেশের কৃতি অ্যাথলেট মিরোনা, দ্বিতীয় রানার আপ সুইজারল্যান্ডের অ্যালেক্সা মেকোনেন। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, শিল্প উদ্যোক্তা রুবানা হক, বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টু, দূরন্ত বাইকের ব্র্যান্ড ম্যানেজার রাকিবুল হাসান, প্রাণ-আরএফএল গ্রুপের সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার শরিফুল ইসলাম, এভারেস্ট একাডেমির চেয়ারম্যান মুসা ইব্রাহিম ও ইমেগো স্পোর্টস ম্যানেজমেন্ট লিমিটেডের কো-ফাউন্ডার তামজিদুল ইসলাম।

এভারেস্ট একাডেমি ও ইমেগো স্পোর্টস ম্যানেজমেন্ট লিমিটেডের যৌথ আয়োজন ও বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সার্বিক সহযোগিতায় এই নারী ম্যারাথনে পৃষ্ঠপোষকতা করছে প্রাণ ম্যাঙ্গো, টপার কুক ওয়্যার আর দূরন্ত বাইসাইকেল।