কালিয়াকৈরে স্কুলছাত্রী হত্যার প্রতিবাদে মানববন্ধন

কালিয়াকৈর উপজেলার দশম শ্রেণির ছাত্রী কবিতা মনি দাসকে হত্যার প্রতিবাদে এলাকাবাসী ও স্কুল শিক্ষার্থীরা গতকাল বুধবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সুত্রাপুর এলাকায় মানববন্ধন করেছে। মানববন্ধন ও সড়কে বিক্ষোভ মিছিল শেষে বিদ্যালয়ের মাঠে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

জানা যায়, কবিতার খুনিদের ফাঁসির দাবিতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী মানববন্ধনে কালো ব্যাচ ধারণ করেন। মানববন্ধনে বেসরকারি সংস্থা ‘বাঁচতে শেখা’ একাত্মতা ঘোষণা করে। এসময় তারা মহাসড়কে বিক্ষোভ করে। এ সময় সড়কে যান চলাচল কিছুটা বিঘ্ন ঘটে। পরে পুলিশ মহাসড়ক থেকে মিছিলটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

মিছিলটি সড়ক প্রদক্ষিণ শেষে বিজয় স্মরণী বিদ্যালয় মাঠে এক প্রতিবাদ সভায় মিলিত হয়। প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেওয়ান মো. কামরুজ্জামান। বক্তব্য রাখেন কালিয়াকৈর প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন রানা, আওয়ামী লীগ নেতা মফিজ উদ্দিন, আ. জলিল, নুরুল আমীন, ডা. শামছুল আলম, আজিবুর রহমান, ফিরোজ মিয়া প্রমুখ। মঙ্গলবার দুপুরে বিজয় চন্দ্র সরকার (বিক্রম) (২১) নামে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এক বখাটের এলোপাতাড়ি ছুরিকাঘাতে কবিতা নিহত হয়। বিক্রম উপজেলার উত্তর গজারিয়া গ্রামের রামপদ মনি দাসের পুত্র। সে সাভার গণবিশ্ববিদ্যালয়ের বিবিএ দ্বিতীয় বর্ষের ছাত্র।