নকল ডিটারজেন্ট কারখানায় অভিযান, আটক ৪

পাবনার চাটমোহরে বুধবার সকালে একটি নকল ডিটারজেন্ট পাউডার কারখানায় অভিযান চালিয়ে ৪ জনকে আটক করেছে পুলিশ। এ সময়ে আটক করা হয় পাউডার তৈরির সরঞ্জাম। আটককৃতদের ভ্রাম্যমান আদালত ৪২ হাজার টাকা জরিমানা করে। ঘটনাটি ঘটেছে উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বাঘলবাড়ি বাজারে।
 
আটককৃতরা হলেন- উপজেলার হাণ্ডিয়াল ইউনিয়নের বাঘলবাড়ি গ্রামের মৃত আব্দুল প্রামনিকের ছেলে নজরুল ইসলাম (৩২), মৃত আব্দুল আলীমের ছেলে নজরুল ইসলাম (৩৫), মো. রওশন আলীর ছেলে আব্দুল রশিদ (৩৮) ও মৃত আব্দুল প্রামানিকের ছেলে হাসেন আলী (৫০)। উদ্ধার করা সরঞ্জামাদি প্রকাশ্যে ধ্বংস করা হয়েছে।
 
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় একটি চক্র বাঘলবাড়ি বাজারে বহিরগাতী গ্রামের আব্দুল খালেকের ঘর ভাড়া করে দীর্ঘদিন যাবৎ নকল ডিটারজেন্ট পাউডার তৈরির করছে।চক্রটি রিম পাওয়ার হোয়াইট নামের ডিটারজেন্ট পাউডার নকল করে বাজারজাত করছিল। আটককৃতদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্টেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বেগম শেহেলী লায়লা ভোক্তা অধিকার আইনে ২০০৯ সালে ৪১ ধারা মোতাবেক তাদের ৪২ হাজার টাকা জরিমানা আদায় করেন।
 
চাটমোহর থানার ওসি (তদন্ত) মো. নুরুজামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নকল কাপড় কাচার পাউডার তৈরির খবর পেয়ে অভিযোন চালিয়ে তাদের আটক করা হয়।