সৈয়দপুরে জমি নিয়ে সংঘর্ষ, নিহত ১

নীলফামারীর সৈয়দপুরে বসতবাড়ির জমি নিয়ে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের দক্ষিণ সোনাখুলি গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।
 
স্থানীয়রা জানায়, ওই গ্রামের মৃত কাইলঠা মামুদের ছেলে এমদাদুল হক (৩৪) নিজ বসতভিটায় ঘর নির্মাণের সময় বসতভিটা সংলগ্ন প্রতিবেশি বাধা দেয়। ওই প্রতিবেশির দাবি, ঘর নির্মাণের স্থানটিতে তার জমি রয়েছে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন এমদাদুল হক। পরে গ্রামবাসীরা আহত এমদাদুলকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করায়। রাতে অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বৃহস্পতিবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
 
বিষয়টি নিশ্চিত করে বোতলাগাড়ি ইউপি চেয়ারম্যান ছাইদুর সরকার জানান, জমি নিয়ে দুই পক্ষের বিরোধ দীর্ঘদিন ধরে চলে আসছিল। সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) খবর পেয়ে একজন অফিসারকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।