ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

g বিশ্ববিদ্যালয় রিপোর্টার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে মোবাইল ফোনসহ সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার নিষিদ্ধ করেছে প্রভোস্ট কমিটি। অনুমোদিত আইডি কার্ড ছাড়া কেন্দ্রে কেউ প্রবেশ করতে পারবে না। গতকাল শুক্রবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিটি ভোটকেন্দ্রে আর্চওয়ে ও মেটাল ডিটেক্টর থাকবে। শিক্ষার্থীদের আইডি কার্ড দেখিয়ে ভোটকেন্দ্রে ঢুকতে হবে। দুপুর ২টার মধ্যে যারা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন, তাদের সবার ভোট নেওয়া হবে। দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বিশেষ বুথ ও প্রয়োজনীয় সহযোগিতার ব্যবস্থা রাখা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নির্বাচনের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। বিশেষ নিরাপত্তা বেষ্টনীর আওতায় থাকা বিশ্ববিদ্যালয়ের ৩টি প্রবেশ পথ (নীলক্ষেত, শাহবাগ ও হাইকোর্ট) দিয়ে শুধু ভোটার ও নির্বাচন-সংশ্লিষ্ট ব্যক্তিরা পরিচয়পত্র দেখিয়ে ক্যাম্পাসে আসতে ও বেরুতে পারবেন। ভোট কার্যক্রমের পাসযুক্ত বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ও স্টিকারযুক্ত যানবাহন ছাড়া অন্য কোনো যানবাহন এদিন ক্যাম্পাসে আসতে পারবে না। সবাইকে এদিন রাত ১০টা পর্যন্ত বিকল্প রাস্তা ব্যবহারের অনুরোধ করা হয়েছে।

নির্বাচনের দিন গণমাধ্যমকর্মীরা চিফ রিটার্নিং অফিসারের ইস্যু করা পরিচয়পত্র দেখিয়ে সংশ্লিষ্ট হলের রিটার্নিং অফিসারের অনুমতি নিয়ে ভোটকেন্দ্রের গেস্টরুম বা নির্ধারিত স্থান পর্যন্ত যাতায়াত করতে পারবেন। তবে ভোটকেন্দ্র থেকে সরাসরি সম্প্রচার করা যাবে না।