প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় নাগরপুরে প্রতিবাদ সমাবেশ

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করায় নাগরপুরে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার আশরাফুল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ হয়েছে। সলিমাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে মঙ্গলবার উপজেলার তেবাড়িয়ায় সিকদার মার্কেট প্রাঙ্গণে এ প্রতিবাদ সমাবেশ হয়। সলিমাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান খানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহীদুল ইসলাম অপু, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক হুমায়ুন কবীরসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

সলিমাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে বি খান বলেন, ব্যারিস্টার আশরাফুল ইসলাম টাঙ্গাইল-৬ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন ফরম কিনে আবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ার জন্য এক ভাগ ভোটারের স্বাক্ষর নিতে গত সোমবার উপজেলার সলিমাবাদে আসেন। এ সময় তিনি ভোটারদের স্বাক্ষর দিতে চাপ দেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে কটূক্তি করেন। পরে সেখানে থাকা স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মী ও এলাকাবাসী এর প্রতিবাদ করেন। বিক্ষুব্ধ এলাকাবাসী এ সময় তার গাড়ি ভাঙচুর করে।