শোয়েব মালিকের দুর্দান্ত প্রত্যাবর্তন

পাঁচ বছর পর টেস্ট ক্রিকেটে ফিরেই ডাবল সেঞ্চুরি করেছেন শোয়েব মালিক।  ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে দ্বিতীয় দিনে মালিকের অসাধারণ ব্যাটিংয়ে ৫২৩ রান করে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে পাকিস্তান।
 
জবাবে আজ তৃতীয় দিনে এখন পর্যন্ত এক উইকেট হারিয়ে ১১৮ রান করেছে ইংল্যান্ড। অধিনায়ক অ্যালিস্টার কুক ৭৪ রান করে অপরাজিত আছেন।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ১৩ তারিখ থেকে শুরু হওয়া ম্যাচের প্রথম দিনেই ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি করেছিলেন মালিক। আর দ্বিতীয় দিন আরো ১২১ রান যোগ করে খেলেন ক্যারিয়ার সেরা ২৪৫ রান। ৪২০ বলে ২৪টি চার ও চারটি ছয়ে দুর্দান্ত এ ইনিংসটি সাজানোর পর বেন স্টোকসের বলে ইয়ান বেলকে ক্যাচ দিয়ে প্যাভিলিওনে ফেরেন এই তারকা ক্রিকেটার।

এদিন মিডলঅর্ডার ব্যাটসম্যান আসাদ শফিকও তুলে নেন ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি। তিনি ২১৮ বলে ১০টি চারের সাহায্যে ১০৭ রান করে মার্ক উডের বলে এলবিডব্লিউ হন। পঞ্চম উইকেট জুটিতে আসাদ মালিকের সঙ্গে গুরুত্বপূর্ণ এক জুটি গড়েন। এই যুগলবন্দির ব্যাট থেকে আসে ২৪৮ রান। পরে পাকিস্তান আট উইকেট হারিয়ে ৫২৩ রানে ঘোষণা করে। ইংলিশ বোলারদের হতাশার এ ইনিংসে চারটি উইকেট তুলে নেন স্টোকস। এছাড়া দুটি উইকেট পান জেমস অ্যান্ডারসন।ক্রিকইনফো।