বান্দরবানে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অস্ত্রসহ তিনজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে ‘মাস্টার গেস্ট হাউস’ নামের ঐ হোটেলে অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন- লাল পিয়াল থা বম (৪৮), বা মু বম (৪৫) ও সিন থাই চাকমা (৪৪)। লাল ও বমের বাড়ি বান্দরবানের রুমা এবং সিনের বাড়ি নাইক্ষ্যংছড়ি উপজেলায়।
র্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন বলেন, আটককৃতদের তাদের কাছ থেকে তিনটি একে ৪৭ রাইফেল, দুটি বিদেশি পিস্তল ও পিস্তলের দুটি ম্যাগজিন পাওয়া গেছে। আটককৃতরা অস্ত্র বিক্রেতা বলে জানিয়েছেন তিনি।
বান্দরবান থানার ওসি রফিক উল্লাহ জানান, আটক তিন ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।