ফুলবাড়িতে অটোরিকশা চালককে হত্যা

দিনাজপুরের ফুলবাড়িতে পরিমল চন্দ্র বর্মন (২৫) নামের এক অটোরিকশার চালককে পিটিয়ে ও শ্বাসরোধ করতে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে ফুলবাড়ি-দিনাজপুর মহাসড়কের নব গ্রাম মোড় সংলগ্ন সড়কের দক্ষিণ পাশের ধান ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।
 
নিহত পরিমল চন্দ্র বর্মন উপজেলার এলুয়ারি ইউনিয়নের নব গ্রামের অমল চন্দ্র বর্মনের ছেলে। থানার ওসি মোস্তাক আহম্মেদের নেতৃত্বে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
 
নিহতের বাবা অমল চন্দ্র বর্মন ও মা সুবেদী বর্মনী বলেন, 'বুধবার বিকাল ৪টায় পরিমল চন্দ্র বর্মন তার অটোরিকশা নিয়ে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। রাত ১১টা পর্যন্ত মোবাইল ফোনে পরিমলের সঙ্গে মায়ের কথা হয়েছে। এরপর থেকে পরিমলের মোবাইল ফোনের সুইচ বন্ধ পাওয়া যায়। বৃহস্পতিবার সকাল ৭টায় স্থানীয়রা সড়কের ওই স্থানে পরিমলের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে তার বাড়িতে খবর দেয়। 
 
স্থানীয় ইউপি চেয়ারম্যান মাওলানা নবিউল ইসলাম বলেন, 'পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডটি ঘটতে পারে।' 
 
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, 'প্রাথমিকভাবে লাশের সুরতহালে দেখা গেছে শরীরের বিভিন্ন স্থানে জখমসহ গলায় শ্বাসরোধ করার চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, হত্যাকারিরা পরিমলকে অন্য কোথাও মারপিটসহ শ্বাসরোধ করে হত্যার পর লাশ ফেলে রেখে গেছে।'