সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিত্সাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের রক্তচাপ স্বাভাবিক হয়ে এসেছে, কিডনি স্বাভাবিকভাবে কাজ করছে এবং ইনফেকশন নিয়ন্ত্রণে রয়েছে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপপ্রধান তথ্য কর্মকর্তা মো. আবু নাছের গতকাল শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। হাসপাতালের সিনিয়র সদস্য কার্ডিওথোরাসিক সার্জন ডা. সিবাস্টান কুমার সামিকে উদ্ধৃত করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. আবু নাসার রিজভী বলেন, ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা ক্রমেই উন্নতির দিকে।
আবু নাসার রিজভী জানান, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আগের দিনের তুলনায় গতকাল আরও ভালো আছেন এবং দিন দিন তাঁর স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। কোনো ধরনের কৃত্রিম সাপোর্ট ছাড়া ওবায়দুল কাদেরের হূদযন্ত্র কাজ করছে। তিনি কাদেরের পূর্ণ সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।
এর আগে চিকিত্সক সামি চিকিত্সার অগ্রগতি নিয়ে ব্রিফ করেন। ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন ওবায়দুল কাদেরের স্ত্রী ইসরাতুন্নেসা কাদের, সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন, সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোস্তাফিজুর রহমান ও চিকিত্সা সমন্বয়ক অধ্যাপক ডা. আবু নাসার রিজভী। আজ শনিবার স্থানীয় সময় বেলা ১১টায় মেডিক্যাল বোর্ডের প্রধান ফিলিপ কোহ চিকিত্সার সর্বশেষ অগ্রগতি সম্পর্কে জানাবেন।