সাতক্ষীরায় বাসচাপায় কোম্পানির প্রতিনিধি নিহত

সাতক্ষীরায় যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে ঔষধ কোম্পানির এক প্রতিনিধি নিহত হয়েছেন। নিহত শহিদুল ইসলাম (৪০) অপসোনিন ঔষধ কোম্পানির প্রতিনিধি হিসেবে এ জেলায় কর্মরত ছিলেন।
 
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলাধীন সাতক্ষীরা-আশাশুনি সড়কের কোমরপুর নামক স্থানে আশাশুনিগামী যাত্রীবাহী একটি বাস একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী শহিদুল গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার পর ক্ষুব্ধ জনতা ওই সড়কে যান চলাচল বন্ধ করে দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় জনতা বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।