পরিবহন ধর্মঘট ডেকে নেতারা লাপাত্তা

রাজশাহীতে পাঁচ পরিবহন শ্রমিকদের মুক্তি ও যে দুই পুলিশ কর্মকর্তা তাদের আটক করেছেন তাদের প্রত্যাহারের দাবিতে  শুক্রবার সকাল থেকে পরিবহন ধর্মঘটের ডাক দিয়ে লাপাত্তা পরিবহন শ্রমিক নেতারা। বৃহস্পতিবার রাতে ধর্মঘটের ডাক দিলেও শুক্রবার সকাল থেকে রাজশাহী থেকে বিভিন্ন রুটে যান চলাচলা স্বাভাবিক রয়েছে। 
 
বৃহস্পতিবার রাতে পাঁচ পরিবহন শ্রমিককে আটকের প্রতিবাদে রাজশাহী থেকে সব রুটে সে সময় থেকে যান চলাচল বন্ধ করে দেন শ্রমিক নেতারা। ওই সময় তারা বোয়ালিয়া থানার দুই উপ-পরিদর্শক (এসআই) মহিউদ্দিন ও উত্তমকে প্রত্যাহার না করা পর্যন্ত শুক্রবার ভোর থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেয়া হয়।
 
তবে শুক্রবার ভোর থেকে কোনো ধরনের ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা ছাড়াই আবারও রাজশাহী থেকে সব রুটে যান চলাচল শুরু হয়।
 
এ বিষয়ে রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক আনোয়ার পারভেজ জানান, শুক্রবার ভোর থেকে রাজশাহী থেকে সব রুটে অনিদিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়েছিল। তবে গভীর রাতে ইউনিয়নের নেতৃবৃন্দ সিদ্ধান্ত নেয়, শুক্রবার দিনের যে কোনো সময় সংবাদ সম্মেলন করে কর্মসূচির ঘোষণা দেয়া হবে।