২২ বছর পর মুক্ত হাওয়ায় সিলেটের ফজলু মিয়া

দীর্ঘ ২২ বছর কারাবাসের পর মুক্ত হাওয়ায় বের হলেন সিলেটের ফজলু মিয়া। মানসিক ভারসাম্যহীন অবস্থায় গ্রেফতার হয়ে তিনি এই দীর্ঘ সময় কারাগারে বন্দী ছিলেন। অবশেষে তারই এক সময়ের সহপাঠীর জিম্মায় গত বুধবার আদালত থেকে জামিন পান ফজলু মিয়া। 
 
বৃহস্পতিবার সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তিলাভের পর কারাফটকে তাকে ফুল দিয়ে বরণ করে নেন সিলেটের পিপি মিসবাহ উদ্দিন সিরাজ, মুক্তিযোদ্ধা বাদশা মিয়া ও ফজলু মিয়ার জিম্মাদার কামাল উদ্দিন রাসেল।
 
জানা গেছে, ১৯৯৩ সালের ১১ জুলাই সিলেট মহানগরীর বন্দরবাজার থেকে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ফজলু মিয়াকে আটক করে পুলিশ। পরে মানসিক স্বাস্থ্য আইনের ১৩ ধারায় তাকে গ্রেফতার দেখিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়। এরপর ফজলু মিয়াকে একাধিকবার জামিন প্রদান করে আদালত। কিন্তু তার কোনো নিকটাত্মীয়ের খোঁজ না পাওয়ায় মুক্ত হতে পারেননি ফজলু। এভাবে পেরিয়ে যায় দীর্ঘ ২২ বছর। অবশেষে কয়েকদিন আগে ফজলু মিয়ার এক সময়ের সহপাঠী নগরীর দক্ষিণ সুরমার তেতলির বাসিন্দা কামাল উদ্দিন রাসেল জানতে পারেন তার কারাবাসের বিষয়টি এবং বন্ধুর সাহায্যে এগিয়ে আসেন।