ব্রাহ্মণবাড়িয়ায় বাস উল্টে আহত ৪০

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী একটি বাস উল্টে ৪০ জন আহত হয়েছে। শুক্রবার সকালে পশ্চিম কুট্রাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ ও স্থানীয় লোকজন আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। 
 
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১১টার দিকে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া গামী রয়েল পরিবহনের যাত্রীবাহী একটি বাস মহাসড়কের পশ্চিম কুট্রাপাড়া এলাকায় আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে বাসের সামনের গ্লাসসহ জানালার গ্লাস ভেঙ্গে যায়। যাত্রীদের চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে আসে। হাইওয়ে পুলিশ ও স্থানীয় লোকজন মিলে আহত যাত্রীদের কোচ থেকে টেনে বের করে হাসপাতালে পাঠায়।
 
জেলা সদর হাসপাতালে ভর্তিকৃতরা হলেন- মো. অলিউল্লাহ (৩০), জহিরুল ইসলাম (৩৩), ইউসুফ আলী (৭৬), ইকবাল হোসেন (২৭), গিয়াস উদ্দিন (৫০), মোজাম্মেল হক (৪২), হুমায়ূন কবির (৩৩), আনিছ উদ্দিন (৪০), মো. নিজাম (৩৫), মো. বিল্লাল হোসেন (৫৫), হাবিবুল হক (৬০) লক্ষন দাস (৫০), জুলেখা বেগম (৬০)আবদুর রশিদ (৩৫) ও মো. সাব্বির (২০)। 
 
গুরুতর আহত যাত্রী বাবুল মিয়া (৫০) ও রোকেয়া বেগম (৪৫) কে ঢাকায় পাঠানো হয়েছে।
 
বিশ্বরোড হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মো. শফিকুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'দুর্ঘটনায় কবলিত বাসটি পুলিশ হেফাজতে রয়েছে।'