মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩ জনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল আমিন। শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে গাংনীর থানাপাড়া এলাকায় ভ্রাম্যমান আদালত বসিয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে তাকে এ দণ্ডাদেশ দেন তিনি।
দণ্ডিতরা হলেন- বাওট গ্রামের মৃত ফজল মীরের ছেলে স্বপন (৩৫), বশিরউদ্দীনের ছেলে শাহ আলম (৪৪) ও মৃত বাবর আলীর ছেলে আব্বাস আলী (৪০) ।
গাংনী থানার ওসি আকরাম হোসেন জানান, বৃহস্পতিবার রাত ১০ টার দিকে কুমারীডাঙ্গা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এএসআই সুফল কুমার অভিযান চালিয়ে স্বপনের বাড়ি থেকে ৬ গ্রাম গাঁজাসহ ৩ জন গাঁজাসেবী ও বিক্রেতাকে বাওট গ্রাম থেকে আটক করেন। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল আমিনের আদালতে সোপর্দ করা হলে তাদর ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন বিচারক।
দণ্ডিত স্বপন, শাহ আলম ও আব্বাসকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।