রাজশাহীতে পরিবহন ধর্মঘট স্থগিত

নগরীর বোয়ালিয়া মডেল থানার দুই উপ-পরিদর্শককে (এসআই) প্রত্যাহারের দাবিতে পরিবহন শ্রমিকরা (মোটর) রাজশাহীতে আহুত অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার রাতের মধ্যে এসআই মহিউদ্দিন ও উত্তম কুমারকে প্রত্যাহার না করলে শুক্রবার ভোর ৬টা থেকে এই পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়। তবে রাতেই পুলিশের সঙ্গে সমঝোতায় ধর্মঘট প্রত্যাহার করা হয়।
 
এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় নগরীর শিরোইল বাসটার্মিনাল থেকে মোটর শ্রমিক ইউনিয়নের ৫ সদস্যকে পুলিশ জুয়ার সরঞ্জাম ও টাকাসহ আটকের জেরধরে ভদ্রামোড়ে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয় মোটর শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা। মোটর শ্রমিকদের অবরোধের প্রেক্ষিতে কিছুক্ষণ পরই ওই ৫ জনকে পুলিশ থানা থেকে ছেড়ে দেয়। পরে রাত ১১টার দিকে বাস চলাচল শুরু হয়।
 
জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, 'পুলিশ অন্যায়ভাবে মোটর শ্রমিক ইউনিয়নের ৫ সদস্যকে আটক করেছিল। পরে আমরা প্রতিবাদ জানালে পুলিশ আটক মোটর শ্রমিক ইউনিয়নের সদস্যদের ছেড়ে দেয়। রাতেই পুলিশের সঙ্গে বিষয়টি নিয়ে সমঝোতা হওয়ায় শুক্রবার ভোর ছয়টা থেকে ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটও প্রত্যাহার করা হয়।'
 
এ প্রসঙ্গে বোয়ালিয়া মডেল থানার এসআই মহিউদ্দিন ও উত্তম কুমার বলেন, 'জুয়া খেলার টাকাসহ ৫ জনকে আটক করে থানায় আনা হয়। তারা সবাই নেশাগ্রস্থ অবস্থায় ছিলেন। এরপর মোটর শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা তাদের মুচলেকা দিয়ে ছাড়িয়ে নিয়ে যায়। তারা বাস টার্মিনালেই আটক ৫ জনকে রেখে আসার দাবি জানিয়েছিল। পুলিশ তাতে রাজি না হওয়ায় মোটর শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করে।