জাতির সঙ্গে প্রতারণা করেছেন সুলতান মনসুর :ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সুলতান মোহাম্মদ মনসুর শপথ নিয়ে জাতির সাথে প্রতারণা করেছেন। তিনি ঐক্যফ্রন্টের তেমন কোনো নেতা ছিলেন না। তার শপথ নেওয়ার ঐক্যফ্রন্টের কোনো ক্ষতি হবে না। এছাড়া বিএনপি তাদের আগের সিদ্ধান্তেই রয়েছে। তারা সংসদে যাচ্ছেন না। শপথও নেবেন না।

গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীর সমধিকার প্রতিষ্ঠা এবং নারী নির্যাতন, খুন ও গণধর্ষণের প্রতিবাদে মানববন্ধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মানববন্ধনের আয়োজন করেন জাতীয়তাবাদী মহিলা দল।

মির্জা আলমগীর বলেন, ইতোমধ্যে গণফোরাম ও ঐক্যফ্রন্ট থেকে সুলতান মনসুরকে বহিষ্কার করা হয়েছে। এই কাজের মাধ্যমে সুলতান মনসুর জনগণের সামনে নিজেকে অত্যন্ত ছোট ও ক্ষুদ্র করে ফেলেছেন।

মনসুর সংসদে যাওয়ায় জাতীয় ঐক্যফ্রন্ট ক্ষতিগ্রস্ত হবে কি না এমন প্রশ্নের জবাবে ফখরুল বলেন, সুলতান মনসুর জাতীয় ঐক্যফ্রন্টের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি নয়, ফ্রন্টে যারা আছেন তারা সবাই ঐক্যবদ্ধ ও একসঙ্গে আছেন। খালেদা জিয়ার মুক্তির জন্য সরকারের সঙ্গে সমঝোতা করে বিএনপি সংসদে যাবে এমন আলোচনা শোনা যাচ্ছে, এ বিষয়ে মির্জা ফখরুল বলেন, এ ধরনের কোনো আলোচনা হয়নি। এটা সম্পূর্ণ গুজব।

নেতাকর্মীদের উদ্দেশ করে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের গণতন্ত্রের মুক্তি বেগম খালেদা জিয়ার মুক্তির সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। নারী সমাজের মুক্তিও বেগম জিয়ার মুক্তির সাথে জড়িত। তাই আসুন এই দিনে আমরা শপথ করি বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঐক্যবদ্ধ হই এবং একটি নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করি। তাহলেই নারীদের অধিকার প্রতিষ্ঠা হবে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। এ সময় আরও বক্তব্য দেন-সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরীন খান, সহ-সভাপতি জেবা খান প্রমুখ।