হেরাথের ঘূর্ণি জাদুতে ফলো অনে ওয়েস্ট ইন্ডিজ

 
রঙ্গনা হেরাথের ঘূর্ণি জাদুতে ২৫১ রানেই গুটিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস। শ্রীলঙ্কার প্রথম ইনিংসে করা ৪৮৪ রানে চেয়ে ২৩৩ রান পিছিয়ে থাকায় ফলো অনে পড়েছে সফরকারীরা।
 
শুক্রবার গল আন্তর্জাতিক স্টেডিয়ামে ২ উইকেটে ৬৬ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে ক্যারিবিয়ানরা। আজ বাকি ৮ উইকেট হারিয়ে মাত্র ১৮৫ রান দলীয় স্কোরে যোগ করতে সক্ষম হয়েছে তারা। ৬৮ রানের বিনিময়ে ৬ উইকেট তুলে নেন হেরাথ।
 
দিনের শুরুতেই মারলন স্যামুয়েলসকে হারায় ওয়েস্ট ইন্ডিজ। আগের দিনের করা ৭ রানের সঙ্গে আর ৪ রান যোগ করে হেরাথের বলে বোল্ড হয়ে ফেরেন তিনি। স্যামুয়েলস ফিরলেও ওয়েস্ট ইন্ডিজের আশা হয়ে উইকেটে ছিলেন ড্যারেন ব্র্যাভো। তবে অর্ধশতক করে হেরাথের চতুর্থ শিকারে পরিণত হন তিনি। আউট হওয়ার আগে ১০৭ বলে ৫০ রানের ইনিংসটি ৮টি চার ও একটি ছয়ে সাজান ব্র্যাভো। এর আগেই জার্মেইন ব্ল্যাকউডকে ফেরান ধাম্মিকা প্রসাদ। এরপর অধিনায়ক হোল্ডার ও দিনেশ রামদিন ফিরে গেলে ফলো অনের শঙ্কায় পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। কেমার রোচ, জেরোম টেইলর ও দেবেন্দ্র বিশু লড়াই চালালেও শেষ রক্ষা হয়নি।