ফেনীতে অস্ত্র ও ইয়াবাসহ ২ যুবলীগ কর্মী গ্রেফতার

 
একটি বিদেশি পিস্তল, একটি রিভলবার এবং ইয়াবাসহ মো. শাহেদ হোসেন মামুন ওরফে গণেশ মামুন (৩৪) ও মিজানুর রহমান নামে দুই যুবলীগ কর্মীকে ফেনী শহরের পূর্ব উকিলপাড়া থেকে শুক্রবার ভোরে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা।
 
ফেনী র‌্যাব অফিস সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কতিপয় অস্ত্রধারী সন্ত্রাসী অস্ত্র নিয়ে সন্ত্রাসী কার্যকলাপ সংগঠনের উদ্দেশ্যে শহরের উকিল পাড়া পেট্রোবাংলা রোডস্থ খুরশিদ হোসেন বোরহানের বাড়ীতে অবস্থান করছে। এ সময় ফেনী র‌্যাবের কোম্পানি কমান্ডার মেজর মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের একটি দল উক্ত বাড়িতে উপস্থিত হয়ে অভিযান চালিয়ে ১টি বিদেশি পিস্তুল (ম্যাগাজিনসহ) ও ৩ রাউন্ড গুলি, ১টি রিভলবার ও ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. শাহেদ হোসেন ওরফে গনেশ মামুন (৩২) ও মো. মিজানুর রহমানকে (২৫) গ্রেফতার করে।
 
গ্রেফতারকৃত মো. শাহেদ হোসেন ওরফে গনেশ মামুন শহরের পূর্ব উকিলপাড়ার শাখাওয়াত হোসেনের পুত্র এবং মো. মিজানুর রহমান ছাগলনাইয়া উপজেলার পূর্ব মধূগ্রাম (মজুমদার বাড়ী) নুরুল আবসারের পুত্র বলে জানায়।
 
উল্লেখ্য যে, আসামি মো. শায়েদ হোসেন ওরফে গনেশ মামুনের (৩২) বিরুদ্ধে ফেনী মডেল থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা যায়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা রুজু করে ফেনী মডেল থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হস্তুান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন। ফেনী র‌্যাবের কোম্পানী কমান্ডার মেজর মো. মোজাম্মেল হোসেন জানান, মামুন জেলার একজন চিহ্নিত সন্ত্রাসী। দীর্ঘদিন থেকে অস্ত্র কারবারের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১০টি মামলা রয়েছে।