‘দুই বিদেশি হত্যাকাণ্ড পরিকল্পিত’

‘দুই বিদেশি হত্যাকাণ্ড পরিকল্পিত। এ হত্যার ঘটনায় বিএনপি-জামায়াতের সম্পৃক্ততার কিছুটা প্রমাণ পাওয়া গেছে। এ নিয়ে আরো তদন্ত চলছে। তদন্তে সম্পৃক্ততার বিষয়টি সম্পূর্ণ প্রমাণিত হলে তাদের রক্ষা নাই।’
 
শুক্রবার বিকাল সাড়ে চারটায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সদর পরিষদ আঙিনায় তিন দিনব্যাপী হাওর উৎসবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এ কথা বলেন। স্থানীয় একটি সংগঠনের আয়োজনে এ উৎসের উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান।
 
মন্ত্রী বলেন, ‘একাত্তর, পঁচাত্তর ও একুশে আগস্টের খুনিরা এবং সাম্প্রদায়িক জঙ্গিবাদিরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে পাকিস্তান-আফগানিস্তানের অন্ধকার পথে নিয়ে যাওয়ার চক্রান্ত করছে, দুই বিদেশি হত্যাকাণ্ডে আমরা সেই চক্রান্তেরই একটি রূপ দেখেছি।’
 
উৎসবে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংসদ মুহিবুর রহমান মানিক, মোয়াজ্জেম হোসনে রতন, ছবি বিশ্বাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মো. আনোয়ার হোসেন, জাতীয় নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রিনা, সাবেক এমপি মঞ্জুর কাদের চৌধুরী, জেলা জাসদ সভাপতি আ. ত. ম. সালেহ, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি অ্যাডভোকেট আফতাব উদ্দিন, জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, পুলিশ সুপার হারুন অর রশিদ, জাসদ নেতা সালেহীন চৌধুরী শুভ প্রমুখ।
উৎসবে হাওরপাড়ের মানুষের সংস্কৃতি ও জীবন-জীবিকা তুলে ধরা হয়। সন্ধ্যায় স্থানীয় শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।