নিজেদের দেশকে শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের প্রতি সম্মান জানিয়েছে ঢাকায় জার্মানির দূতাবাস। গতকাল ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দূতাবাসের ফেসবুক পেজে এক বার্তায় এ সম্মান জানানো হয়। পোস্টে দুই নেত্রীর একটি হাস্যোজ্জ্বল ছবিও দেওয়া হয়েছে।
বার্তায় বলা হয়, শেখ হাসিনা ও অ্যাঙ্গেলা মার্কেল নিজ নিজ দেশকে শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিচ্ছেন। আন্তর্জাতিক নারী দিবসে তাদের প্রতি শ্রদ্ধা। এতে আরো বলা হয়, জার্মানির সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টির ‘উইমেন্স অফিস’ এর নেত্রী ক্লারা জেটকিন ১৯১০ সালে আন্তর্জাতিক নারী দিবসের ধারণা উপস্থাপন করেন। ১৯১১ সালের ১৯ মার্চ জার্মানিতে প্রথমবারের মতো ছুটি উদযাপিত হয়। ১৯৭৫ সাল থেকে জাতিসংঘ দিবসটি উদযাপন শুরু করে।