মেনন ধর্ম নিয়ে কটাক্ষ করেননি ------------ নাসিম

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননের বক্তব্যের ভুল ব্যাখ্যা দিয়ে বিক্ষোভ করা হচ্ছে। এটা দুঃখজনক। তিনি কোনো ধর্মকে নিয়ে কটাক্ষ করেননি। পার্লামেন্টে তিনি বক্তব্যে যে কথাটি বলেছেন, সেই কথাটির ভুল ব্যাখ্যা দিয়ে আজকে তথাকথিত ধর্মান্ধ একটি দল আবার মাঠে নেমেছে। তারা তার বিরুদ্ধে মিছিল করেছে। তার বিরুদ্ধে মিথ্যাচার করে যাচ্ছে। তিনি বলেন, রাশেদ খান মেনন অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করেন। তিনি কোনোভাবে ধর্মকে নিয়ে কোনো কটাক্ষ করেননি। প্রধানমন্ত্রী কওমী মাদ্রাসার স্বীকৃতি দেওয়ায় তিনি বরং প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন। তিনি স্পষ্ট বলেছেন, এর মাধ্যমে যেন কোনো সাম্প্রদায়িক উসকানি দেওয়া না হয়। কোনো ধর্মাশ্রয়ী রাজনীতি করা না হয়, এটা তিনি স্পষ্ট বলেছেন। কিন্তু তার বক্তব্যের ভুল ব্যাখ্যা দিয়ে আজকে এই চেনা মহলটি আবার মাঠে নেমেছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই ধরনের বিভ্রান্তি সৃষ্টি করবেন না। কারণ আমরা অসাম্প্রদায়িক রাজনীতি করি। যার যার ধর্ম সেই পালন করবে, এটা বিশ্বাস করি। এই দেশে কোনোদিন সাম্প্রদায়িক রাজনীতি হবে না, এটা অসাম্প্রদায়িক রাজনীতির বাংলাদেশ। বঙ্গবন্ধু ও শেখ হাসিনার অসাম্প্রদায়িক বাংলাদেশ। 

গতকাল শুক্রবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলের বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে তিনি এ সব কথা বলেন।

তিনি আরো বলেন, নির্বাচন ও সংসদ বর্জন করে বিএনপি কোনো কিছু অর্জন করতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। তাদের নির্বাচিত সংসদ সদস্যদের সংসদে এসে জনগণের কথা বলা উচিত। জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত সবাইকে সুলতান মোঃ মনসুর আহমেদের মতো শপথ নিয়ে জাতীয় সংসদে এসে সরকারের কঠোর সমালোচনা করার আহ্বান জানান মোহাম্মদ নাসিম। তিনি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভোটারদের ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগেরও আহ্বান জানান।

মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি, সম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাতীয় পার্টির (জেপি) সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী শেখ শহীদুল ইসলাম, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, গণতন্ত্রী পার্টির ডা. শাহাদাত হোসেন, গণআজাদী লীগের এসকে শিকদার, কমিউনিস্ট কেন্দ্রের ডা. অসীত বরণ রায়, বাসদের রেজাউর রশীদ খান, জাতীয় পার্টির (জেপি) প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দিলীপ রায় প্রমুখ উপস্থিত ছিলেন।