ট্রাম্পের সাবেক সহযোগী পল ম্যানাফোর্টের ৪৭ মাসের কারাদণ্ড

ইত্তেফাক ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সাবেক সহযোগী পল ম্যানাফোর্টকে ৪৭ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। ব্যাংক জালিয়াতি এবং কর ফাঁকির অভিযোগে তাকে এই কারাদণ্ড দেয় আদালত। পাশাপাশি ক্ষতিপূরণ হিসেবে ২ কোটি ৪০ লাখ ডলার এবং জরিমানা হিসেবে তাকে ৫০ হাজার ডলার দিতে হবে বলেও নির্দেশ দিয়েছে আদালত। খবর সিএনএনের

২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের সময় কিছুদিন ট্রাম্পের প্রচারণা কমিটির চেয়ারম্যান ছিলেন। স্থানীয় সময় বৃহস্পতিবার ম্যানাফোর্টকে ৪৭ মাসের জন্য জেলে পাঠানোর নির্দেশ দেন ভার্জিনিয়ার জেলা আদালতের বিচারক টি এস এলিস। গত বছরের আগষ্টে কর ফাঁকি, ব্যাংক জালিয়াতি এবং বিদেশি ব্যাংকে থাকা অর্থের হিসাব সংক্রান্ত তথ্য দিতে ব্যর্থ হওয়ায় ম্যানাফোর্টকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। অবৈধভাবে লবিং করার অভিযোগে ম্যানাফোর্টের বিরুদ্ধে আরেকটি মামলার রায় হওয়ার কথা আগামী সপ্তাহে। ট্রাম্পকে প্রেসিডেন্ট করার পেছনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ নিয়ে মামলা চলছিল বিশেষ আদালতের বিচারপতি রর্বাট মুলারের এজলাসে। কিন্তু তার সামনে সাক্ষ্য দিতে গিয়ে ম্যানাফোর্ট মিথ্যা তথ্য দেয়। মামলা চলতে বাধাও দেওয়ার অভিযোগ উঠেছিল। ম্যানাফোর্টের বিরুদ্ধে রাজনৈতিক পরামর্শদাতা হিসেবে ইউক্রেনে কাজ করে পাওয়া কয়েক কোটি ডলারের তথ্য গোপন করার অভিযোগও আছে। তবে অভিযোগে রাশিয়ার সঙ্গে ম্যানাফোর্টের যোগসাজসের প্রমাণ পাওয়া যায়নি।