ইত্তেফাক রিপোর্ট
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গুগল তাদের হোম পেজে বিশেষ ডুডল প্রদর্শন করছে। এখানে স্লাইড শোর মাধ্যমে বিভিন্ন অঙ্গনের সফল নারীদের মন্তব্য তুলে ধরা হয়েছে। ডুডলের শুরুতেই স্থান পেয়েছে বাংলা ভাষায় লেখা ‘নারী’ শব্দটি। ডুডলে বাংলা, হিন্দি, ইংরেজিসহ মোট ১১টি ভাষায় নারী শব্দটি লেখা হয়েছে। আন্তর্জাতিক নারী দিবস-২০১৯ এর শুভেচ্ছা জানিয়ে গুগল প্রদর্শিত ডুডলে লিখেছে, আজকের এ ইন্টারঅ্যাকটিভ ডুডলটি নারীদের নিয়ে নারীদের হাতে তৈরি। এতে বিভিন্ন ভাষায় ১৩ জন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নারীর প্রেরণামূলক বক্তব্য স্থান পেয়েছে। এ ডুডলের থিম হচ্ছে ‘নারীর ক্ষমতায়নে নারী’। বাংলাদেশসহ বিশ্বের অধিকাংশ দেশেই গতকাল থেকে ডুডলটি প্রদর্শিত হচ্ছে। বিভিন্ন দিবস, ব্যক্তি ও ঘটনার স্মরণে গুগল তাদের হোম পেজে বিশেষ লোগো ফুটিয়ে তোলে, যা ডুডল হিসেবে পরিচিত।