বালিয়াকান্দির ইউএনওর নির্দেশে পরীক্ষার সুযোগ পেল ৩১ শিক্ষার্থী

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুম রেজার নির্দেশে অবশেষে পুনরায় এসএসসির টেস্ট পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেল শালমারা নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের ৩১ শিক্ষার্থী। ইংরেজি প্রাইভেট না পড়ার কারণে টেস্ট পরীক্ষায় ইচ্ছাকৃতভাবে ফেল করানো হয়েছে সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে এমন অভিযোগের সত্যতা পাওয়ায় ইউএনওর নির্দেশে পুনরায় পরীক্ষার সুযোগ পেয়েছে এই শিক্ষার্থীরা। সোমবার সকালে ইংরেজি ১ম পত্র ও বিকালে ইংরেজি ২য় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ইউএনও মো. মাসুম রেজা জানান, স্কুলটি থেকে এ বছর এসএসসির টেস্ট পরীক্ষায় মোট ৮১ জন শিক্ষার্থী অংশ নেয়। এদের মধ্যে ৫০ জন পাস করে। স্কুল কর্তৃপক্ষ অকৃতকার্য শিক্ষার্থীদের ফরম পূরণ করতে দেবে না বলে তাদের জানিয়ে দেয়। পরে অকৃতকার্য শিক্ষার্থী ও অভিভাবকরা খাতা দেখায় স্বজনপ্রীতির অভিযোগ তুলে বিদ্যালয়ে বিক্ষোভ করতে থাকে। খবর পেয়ে তিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বিদ্যালয় থেকে খাতা এনে পুনরায় মূল্যায়ন করার নির্দেশ দেন। তারই প্রেক্ষিতে খাতা পুনরায় মূল্যায়ন করলে খাতা দেখায় ব্যাপক অনিয়মের বিষয়টি ধরা পড়ে। তাই ৩১ শিক্ষার্থীকে পুনরায় পরীক্ষা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সার জানান, স্কুলটির ইংরেজি শিক্ষকের বিরুদ্ধে প্রাইভেট না পড়ার কারণে শিক্ষার্থীদের ফেল করানো হয়েছে বলে অভিযোগ তুলে বিক্ষোভ করেন অকৃতকার্য শিক্ষার্থী ও অভিভাবকরা। এরই প্রেক্ষিতে ইউএনওর নির্দেশে খাতা পুনরায় মূল্যায়ন করা হয়। এতে খাতা দেখায় অনিয়মের বিষয়টি ধরা পড়ায় পুনরায় পরীক্ষা নেওয়া হচ্ছে। এই পরীক্ষায় পাস করলে সকল শিক্ষার্থীকেই ফরম পূরণ করার সুযোগ দেওয়া হবে এবং সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, স্কুলের ইংরেজি শিক্ষক রাশেদুলের বিরুদ্ধে বিদ্যালয়ে ক্লাস চলাকালীন কোচিং ব্যবসার অভিযোগ উঠলে ইউএনও মো. মাসুম রেজার নির্দেশে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।