কক্সবাজারের টেকনাফ উপজেলায় পৃথক অভিযানে নয় হাজার আট শ পিস ইয়াবা বড়িসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে এক নারীও রয়েছেন। এরা হলেন, উপজেলার সদর ইউনিয়নের বড় হাবিব পাড়া গ্রামের আবুল কাসিম (২৪), মো. সেলিম (২৬) ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাদুরস্থ শেখেরপুর গ্রামের মৃত আব্দুল কাদের ওরফে তারা মিয়ার স্ত্রী রূপসা বেগম (৪৫)।
রবিবার দুপুরে বাহারছড়া ও হোয়াইক্যং এলাকার পুলিশ ফাঁড়ির সামনে এ অভিযান চালানো হয়।
জানা গেছে, যাত্রীবাহী বাসে করে ইয়াবা পাচারের খবরে পুলিশ রবিবার দুপুরে কক্সবাজারগামী একটি বাসে তল্লাশি চালিয়ে নারী রুপসী বেগমকে আটক করে। এসময় তার কাছ থেকে এক হাজার নয় শ ৩০ পিস ইয়াবা পাওয়া যায়।
তিনি আরো জানান, একই দিন হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির সামনে নম্বরবিহীন একটি মোটরসাইকেল তল্লাশি চালিয়ে সিটের নিচ থেকে সাত হাজার আট শ পিস ইয়াবা পাওয়া যায়। এ সময় মোটরসাইকেলসহ আরোহী ওই দুইজনকে আটক করা হয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. কবির হোসেন জানান, পৃথক অভিযানে আটক তিনজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। এদেরকে আদালতে পাঠানো হয়েছে।