নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর রবা আখতার স্কুল মাঠে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
জানা গেছে, উপজেলা বিএনপির ত্রি-বার্ষিক কাউন্সিল উপলক্ষ্যে সোমবার সকাল ১০টায় উপজেলা বিএনপির দুপক্ষ ওই স্কুল মাঠে একই সময় সমাবেশ আহ্বান করে। অপ্রীতিকর ঘটনা এড়াতে স্থানীয় প্রশাসন ওই স্থানে যেকোনো ধরনের সমাবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুর রহমান খান জানান, দুপক্ষকেই একই স্থানে সমাবেশ না করার জন্য চিঠি দেয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
প্রসঙ্গত, উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য সামসুল আলম প্রামাণিক সকাল ১০টায় ওই স্কুল মাঠে সমাবেশ আহ্বান করে। তার বিরোধী পক্ষ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডা. একরামুল বারী টিপুও ওই স্থানে একই সময় সমাবেশ আহ্বান করে।