‘যারা দরিদ্র মানুষের হক মারে তাদের বিচার হবেই’

‘যারা কাবিখা, ভিজিএফ কার্ডের চাল ও এক শ দিনের কর্ম সৃজনশীল প্রকল্পসহ গ্রামের হত-দরিদ্র মানুষের হক মেরে খায় তাদের বিচার এই বাংলার মাটিতেই হবে।’
 
রবিবার বিকেলে নড়াইল জেলা শিল্পকলা অডিটোরিয়ামের হল রুমে জেলা ক্ষেতমজুর ইউনিয়নের ত্রি-বার্ষিক সম্মেলনে বেসরকারি বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এমপি এ কথা বলেন।
 
মন্ত্রী বলেন, ‘ক্ষেতমজুর-কৃষকরা কাজ করে ফসল ফলায় বলেই খাদ্যের উৎপাদন তিন গুণ বৃদ্ধি পেয়েছে। গ্রামীণ অর্থনীতির অভূতপূর্ব উন্নয়নের পেছনে এই কৃষকরাই রয়েছে।’
 
জেলা ক্ষেতমজুর ইউনিয়নের সভাপতি মো. শাহাদত হোসেন মোল্যা এতে সভাপতিত্ব করেন। এতে প্রধান বক্তা হিসেবে ক্ষেতমজুর ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ওয়ার্কার্স পার্টির সাবেক সাধারণ সম্পাদক কমরেড বিমল বিশ্বাস বক্তব্য রাখেন।
 
অন্যান্যের মধ্যে ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি নড়াইল-২ আসনের এমপি এডভোকেট শেখ হাফিজুর রহমান, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম, ছাত্র মৈত্রী কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি দীপংকর সাহা দিপু, নারী মুক্তি সংসদের নেত্রী জেলা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান স্বপ্না সেন, জেলা ছাত্র মৈত্রীর সভাপতি রশিকুল ইসলাম রছি প্রমুখ বক্তব্য রাখেন।