মাগুরায় মাতৃগর্ভে গুলিবিদ্ধ শিশু

মামলার মূল ভিকটিম নাজমা বেগমের ১৬৪ ধারায় জবানবন্দী

দেশব্যাপী চাঞ্চল্য সৃষ্টিকারী মাগুরায় মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ ঘটনার মূল ভিকটিম শিশু সুরাইয়ার মা নাজমা বেগম রবিবার বিকালে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছেন। মাগুরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইমতিয়াজুল ইসলামের আদালতে তিনি এই জবানবন্দী দেন।

 
মাগুরা ডিবি পুলিশের ওসি ইমাউল হক জানান, নাজমা বেগম  মামলায় বর্ণিত অভিযোগের বিষয়ে তার জবানবন্দী প্রদান করেন। নাজমা বেগম ও তার স্বামী বাচ্চু ভূইয়া মেয়ে সুরাইয়াকে নিয়ে আদালতে আসলে শিশুটিকে দেখতে অসংখ্য মানুষ আদালতে ভিড় করেন। জবানবন্দী শেষে আদালত থেকে বেরিয়ে নাজমা বেগম বলেন, আমার মেয়ে এখন সুস্থ আছে। সকলের ভালবাসা ও দোয়ায় সে স্বাভাবিকভাবে বেড়ে উঠছে। তিনি গত ২৩ জুলাই গুলির ঘটনার সাথে জড়িতদের  দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
 

উল্লেখ্য গত ২৩ জুলাই শহরের দোয়ারপাড় এলাকায় ক্ষমতাশীন দলের দুই গ্রুপের মধ্যে গুলি বিনিময়ের সময়  অন্তসত্ত্বা গৃহবধূ নাজমা বেগম পেটে গুলিবিদ্ধ হন। এসময় আব্দুল  মমিন ভুইয়া নামে একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। তার ছেলে রুবেল বাদী হয়ে  ১৬ জনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন। মামলার ৩ নং আসামি আজিবর শেখ পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নিহত হয়েছে। অন্য আসামিদের একজন পলাতক রয়েছে, বাকীরা গ্রেফতার হয়েছে ।