বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে একটি পিকনিকের বাসের সংঘর্ষে বাসের দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন। আহতদের উদ্ধার করে বাগেরহাট সদর ও খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা করেছে। শুক্রবার ভোর পাঁচটার দিকে বাগেরহাট-খুলনা মহাসড়কের সদর উপজেলার খানজাহান (রহ.) মাজারের অদূরে এই দুর্ঘটনা ঘটে। খানজাহান (রহ.) মাজার ও ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ দেখতে ৪০ জন যাত্রী নিয়ে পিকনিকের বাসটি ঝিনাইদহ থেকে বাগেরহাট এসেছিল।
নিহতরা হলেন, ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ত্রিবেনী গ্রামের প্রয়াত মকবুল হোসেনের ছেলে মো. গরীব উল্লাহ (৪৮) ও একই গ্রামের আবুল কাসেম মালিথার ছেলে কিবরিয়া মালিথা (২২)। নিহত গরীব উল্লাহ ট্রাক্টর চালক এবং কিবরিয়া স্থানীয় একটি বাসের সুপারভাইজার ছিলেন।
মানিকগঞ্জে ট্রাকচাপায়
ছাত্রের মৃত্যু
মানিকগঞ্জ প্রতিনিধি জানান, মানিকগঞ্জে মাটির ট্রাকের চাপায় রাকিব হোসেন (২০) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। নিহত রাকিব মানিকগঞ্জ সদর থানাধীন পুটাইল ইউনিয়নের হাসলী গ্রামের মোঃ কদ্দুছ আলীর ছেলে ও মানিকগঞ্জ সরকারী দেবেন্দ্র কলেজের প্রথম বর্ষের ছাত্র। শুক্রবার সকালে বালিরটেক-বেতিলা সড়কের গোশাইনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সকালে রাকিব তার বন্ধু মানিককে নিয়ে মোটর সাইকেল চালিয়ে লেমুবাড়ী যাচ্ছিল। বেতিলা বালিরটেক সড়কের গোশাইনগর এলাকায় বিপরীত দিক থেকে আসা পাশের গ্রামের ইছাক আলী বেপারীর মাটির ড্রামট্রাকের পিছনে ধাক্কা খেয়ে রাস্তায় ছিটকে পরে যায় রাকিব। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রাকিবের মৃত্যু হয়।
কেরানীগঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেল
আরোহী নিহত
কেরানীগঞ্জ (ঢাকা) সংবাদদাতা জানান, কেরানীগঞ্জের ডাকপড়া এলাকায় শুক্রবার রাতে মোটরসাইকেলকে একটি ট্রাক চাপা দিলে একজন নিহত হয়।
কেরানীগঞ্জ মডেল থানার এসআই রফিকুল ইসলাম জানান, ওয়াহেদ আত্মীয়ের বাড়ি থেকে দাওয়াত খেয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হলে ট্রাকের চাপায় তার স্ত্রী মারা যায় এবং তিনি আহত হন। তাদের বাড়ি রাজধানীর চকবাজার থানার ১৮/১, আজগর লেন এলায়। পুলিশ ট্রাকটি আটক করেছে।