লাউয়াছড়া জাতীয় উদ্যানে গাছ কেটে পাচার

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের সেগুন গাছ প্রকাশ্যে কেটে নিয়ে গেছে এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা। সোমবার ভোর পৌনে ছয়টায় কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কে ওই উদ্যান অধিভুক্ত ডাকাতির পুল নামক স্থান থেকে তারা গাছটি কেটে নেয়।
 
স্থানীয়রা জানায়, সন্ত্রাসী চক্রটি ওই সড়কের ডাকাতিরপুল এলাকায় দুই দিকে দুটি বড় ট্রাক আড়াআড়ি করে সড়ক অবরোধ করে। এ সময় অস্ত্রধারী সন্ত্রাসীরা সড়কের একটি বড় সেগুন গাছ কেটে কয়েকটি খণ্ড করে ট্রাকে তুলে ভানগাছ বাজারের দিকে চলে যায়।
 
লাউয়াছড়া বন বিট কর্মকর্তা (বন্যপ্রাণী) রেজাউল করিম তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, লোকবল কম থাকায় ও মোবাইল নেটওয়ার্ক না থাকায় তাদের পিছু নেওয়া সম্ভব হয়নি।
 
তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক বনকর্মী বলেন, ‘বড় একটি প্রভাবশালী অস্ত্রধারী চক্র ঘটনাটি ঘটিয়েছে। তাদের সামনে বনকর্মীরা রীতিমত অসহায়। তাই জীবনের ঝুঁকি নিয়ে তাদের প্রতিহত করা যায়নি।’