কক্সবাজারের চকরিয়া উপজেলায় শহিদুল ইসলাম (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শহিদুল ইসলাম সাহারবিল ইউনিয়নের ওমখালী গ্রামের কামাল উদ্দিনের ছেলে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নিহতের স্ত্রী ও শাশুড়িসহ চারজনকে আটক করেছে।
সোমবার ভোরে উপজেলার সাহারবিল ইউনিয়নের রামপুর ওমখালী এলাকার একটি পুকুর থেকে পুলিশ ওই যুবকের ভাসমান লাশটি উদ্ধার করে। পরে দুপুরে ময়নাতদন্তের জন্য লাশটি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এলাকাবাসী জানায়, শহিদুল ইসলাম প্রায় এক বছর আগে ভালোবেসে চকরিয়া পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাহারিয়াঘোনা গ্রামের মৃত জসীম উদ্দিনের মেয়ে মুন্নি আক্তারকে (১৮) বিয়ে করেন। বিয়ের পর থেকে তারা পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের হালকাকারা এলাকায় মাতামুহুরী সেতুর পাশে ভাড়া বাসায় বসবাস করে আসছেন। শহিদুল ইসলাম পেশায় রিকশা চালক ছিলেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, ঘটনার রহস্য অনুসন্ধানে আটকদের জিজ্ঞাসাবাদ চলছে।