মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গ্রুপ আরাকান আর্মির শীর্ষ নেতা ডা. রেনিন সুয় মারমাকে পাঁচদিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে রাঙ্গামাটির বিচারিক আদালত।
সোমবার দুপুর একটার দিকে জেলা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাবরিনা আলীর আদালত রেনিনকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
জেলা রাজস্থলী উপজেলা থানার কর্মকর্তা মো. অহিদু উল্লাহ সরকার জানান, ডা. রেনিনকে সন্ত্রাস দমন আইনের মামলায় গ্রেফতার করা হয়েছিল। পাঁচদিন রিমান্ডে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। তার কাছে থেকে বেশকিছু তথ্য পাওয়া গেছে। তবে মামলার তদন্তের স্বার্থে এগুলো বলা যাচ্ছে না।
উল্লেখ্য, ১৩ অক্টোবর রাত সাড়ে তিনটার দিকে জেলার রাজস্থলীর উপজেলার ইসলামপুরের একটি নির্মাণাধীন মসজিদ থেকে বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠী আরাকান আর্মির নেতা ডা. রেনিন সুয়কে যৌথ অভিযানে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে তিনটি মামালা রয়েছে।