ঝিনাইদহের কালীগঞ্জের তরাশ গ্রামে মা ও তার শিশু কন্যাকে আগুন দিয়ে পুড়িয়ে মেরেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় আহত হয়েছে আরো তিনজন।
নিহতরা হলো- মা তাসলিমা বেগম (৩৮) ও শিশু তাসমিয়া (১৮ মাস)। এতে তাসলিমার স্বামী নজরুল ইসলাম ও বড় মেয়ে উর্মি (২০) আহত হয়।
সোমবার দিবাগত রাত ২টার দিকে ঘরে আগুন দেয়ার ঘটনা ঘটে। মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে তাদের মৃত্যু হয়।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবার আলী শেখ জানান, নজরুল ইসলামের মেয়ে উর্মির সঙ্গে যশোর সদর উপজেলার লেবুতলা গ্রামের কামাল হোসেনের বিয়ে হয় তিন বছর আগে। বিয়ের পর স্বামী কামাল যৌতুকের জন্য প্রায়ই উর্মিকে নির্যাতন করতেন। এতে উর্মির বাবা নজরুল তাকে নিজ বাড়িতে নিয়ে আসেন।
তিনি আরো জানান, সোমবার গভীর রাতে ঘুমন্ত অবস্থায় তাদের গায়ে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়া হয়। এতে নজরুলসহ চারজনেই দগ্ধ হয়। পরে স্থানীয়রা তাদের চিৎকারে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ হাসপাতালে নিয়ে যায়। তারপর যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে তাদের তিনজনকে ঢাকায় পাঠানো হয়। কিন্তু পথেই মা ও মেয়ের মৃত্যু হয়।
তিনি বলেন, এই হত্যার সঙ্গে উর্মির স্বামী কামাল জড়িত বলে পুলিশ ধারণা করছে।