নারায়ণগঞ্জের আড়াইহাজারে শারমিন (১৮) নামে এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের পূর্বকান্দি গ্রামের পাশে একটি জমি থেকে বস্ত্রহীন অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
নিহত শারমিন ঐ গ্রামের হাফিজুল্লাহর মেয়ে।
নিহতের বাবা জানান, তার মেয়ে পুর্বকান্দি দাখিল মাদ্রাসায় নবম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছে। এক বছর ধরে এলাকার কয়েকজন বখাটের যন্ত্রনায় সে মাদ্রাসায় যাওয়া বন্ধ করে দেয়। সোমবার রাতে তার প্রেমিক পাশ্ববর্তী কালাপাহাড়িয়া গ্রামের জমির আলীর ছেলে কামরুল (২২) তাকে ফোন করে বাড়ি থেকে ডেকে নেয়। এরপর থেকে শারমিন আর বাড়ি ফেরেনি। সকালে বাড়ির পাশে তার লাশ পাওয়া যায়।
আড়াইহাজার থানার ওসি সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। তবে কে বা করা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সে বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুুতি চলছে বলে জানান তিনি।