নওগাঁয় সাড়ে ৫ মণ গাঁজা উদ্ধার, আটক ১

 
নওগাঁর বদলগাছী থেকে প্রায় সাড়ে পাঁচ মণ (২১৭ কেজি) গাঁজা উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এই ঘটনায় হাফিজুর রহমান (৩০) নামে এক ভ্যানচালককে আটক করা হয়েছে। সোমবার রাতে এই অভিযান পরিচালনা করা হয়।
 
আটককৃত হাফিজুর বদলগাছী উপজেলার কেশাইল গ্রামের আব্দুল মজিদের ছেলে ।
 
জয়পুরহাট জেলার র‌্যাব-৫ কোম্পানি কমান্ডার পুলিশ সুপার আল মামুন সিকদার জানান, গাঁজা রাখার খবর পেয়ে উপজেলার কোলা ইউনিয়নের কেশাইল গ্রামে হাফিজুর ও মো: ভুটুর বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মোঃ ভুটুসহ পরিবারের সবাই পালিয়ে যায়। তার বাড়ি থেকে চার বস্তা গাজা উদ্ধার করা হয়।
 
অন্যদিকে হাফিজুরের বাড়ি থেকে তিন বস্তা গাঁজা উদ্ধার করা হয়। এসময় হাফিজুরকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
 
তিনি আরো জানান, উদ্ধারকৃত গাঁজাগুলোর পরিমাণ ২১৭ কেজি, আনুমানিক মূল্য প্রায় ২৬ লাখ টাকা। এ ব্যাপারে বদলগাছী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।