দিনাজপুরের বিরামপুর থেকে অপহৃত এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ঐ কিশোরীর ডাক্তারি পরীক্ষা করা হয়। পরে নিরাপত্তা আদালতে তার জবানবন্দি রেকর্ড করা হয়।
জানা গেছে, উপজেলার মুকুন্দপুর ফাজিল মাদ্রাসার দাখিল শ্রেণির ঐ ছাত্রী (১৫) পলিখাপুর গ্রামে বোনের বাড়ি বেড়াতে যায়। গত রবিবার রাতে কেশবপুর গ্রামের মোস্তাফিজুর রহমান ও ইসাহাক আলীসহ কয়েক যুবক তাকে অপহরণ করে। এই ঘটনায় কিশোরীর ভগ্নিপতি বিরামপুর থানায় সোমবার একটি অপহরণ মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক শাহ আলম অভিযান চালিয়ে সোমবার সন্ধ্যায় অপহৃত কিশোরীকে উদ্ধার ও আসামি ইসহাক আলীকে গ্রেফতার করেন।
আজ দুপুরে তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক শাহ আলম দিনাজপুর থেকে মোবাইল ফোনে জানান, ডাক্তারি পরীক্ষার পর আদালতে কিশোরীর জবানবন্দি রেকর্ড করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।